তিন ম্যাচেই হার দিয়ে প্রথমবার অংশ নিতে যাওয়া নারী এশিয়ান কাপ শেষ করল বাংলাদেশ। পার্থে গতকাল উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারের পর কোচ পিটার বাটলার দলের সীমাবদ্ধতা এবং আগামীর চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার মতে, স্কোরলাইন সবসময় মাঠের আসল লড়াইয়ের প্রতিফলন ঘটায় না।
‘আমরা এমন এক দলের বিপক্ষে খেলেছি যারা র্যাংকিংয়ে আমাদের চেয়ে ৬০-৭০ ধাপ এগিয়ে। তাদের উন্নত প্রযুক্তি ও ভিডিও সরঞ্জাম আছে, যা আমাদের কাছে বিলাসিতা মাত্র। মাঝেমধ্যে মনে হয়, একজন বক্সার এক হাত পেছনে বেঁধে লড়াই করছে’, বলেন বাটলার।
দলের তরুণ সদস্যদের প্রশংসা করলেও পরিকাঠামোগত অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন কোচ। দেশে নির্দিষ্ট কোনো অনুশীলনের মাঠ না থাকাকে তিনি বড় বাধা হিসেবে দেখছেন। এক ফাঁকে বাটলার ধ্রুব সত্যও মনে করিয়ে দেন, “গোল ম্যাচ বদলে দেয়। আমরা প্রচুর বল দখলে রেখে আধিপত্য বিস্তার করেছি, কিন্তু কোনো ‘এন্ড প্রোডাক্ট’ (গোল) ছিল না। আপনার যদি ‘এন্ড প্রোডাক্ট’ না থাকে, তবে সব ভালো কাজই বৃথা যায়।” ফল হতাশাজনক হলেও শিষ্যদের নিয়ে গর্বিত বাটলার। তিনি বিশ্বাস করেন, এই হার থেকে মেয়েরা অনেক কিছু শিখতে পেরেছে। উন্নতির জন্য তার পরামর্শ, নিয়মিত উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করা। নিজেদের চেয়ে শক্তিশালী ও উচ্চ র্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলা। আরও বেশি প্রতিযোগিতামূলক ফুটবলের সুযোগ তৈরি করা।