চাকরি ফিরে পেলেন ডিএমপির আলোচিত ডিসি কোহিনূর মিয়া

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম জোনের আলোচিত সেই উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়া। চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে তাকে পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি বিগত ১৫ বছরের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন তিনি। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তের পর থেকে বর্তমান সময় তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। দুটি বিভাগীয় মামলায় আপিল পর্যালোচনার পর কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই অভিযোগের বিষয়ে দায়ের করা দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর কোহিনূর মিয়া বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ আবেদন করেন। আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন।

২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কোহিনূর মিয়াকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত