প্রতিপক্ষের বাড়িতে নির্বিচার গুলি নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১৩

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৭:৫৫ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের খোরশেদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে। একই গ্রামের প্রতিপক্ষ মান্নান খান ও হারুন খানের নেতৃত্বে একদল লোক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

গুলিবিদ্ধরা হলেন খোরশেদ খান (৬০), মোসাম্মৎ কাজল (৩৫), মোছাম্মৎ জয়তুন (৫০), মোসাম্মৎ ফাহিমা (৩০), মোসাম্মৎ ইভা আক্তার (১৬), মোসাম্মৎ নুপুর (২৪), মোসাম্মদ বন্যা (২৭), মোহাম্মদ আয়ান (৫), মোসাম্মদ দোলন (১২), মোহাম্মদ মোস্তাকিন (৭), মোহাম্মদ ইদ্রিস খান (৫৫), মো. আল আমিন খান (৩০) ও মোসাম্মৎ মিনু আক্তার (৫৫)। সবাই ছররা গুলিতে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জয়তুন বেগম ও মিনু বেগমকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এদিকে, পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ৮২ রাউন্ড গুলি-কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন হারুন খান, আব্দুল মান্নান খান ও মহসিন খান। পুলিশ জানায়, হারুন খানের বাড়ির দোতলা টিনের ঘরের শয়নকক্ষের আলমারি থেকে একটি ২২ বোর পিস্তল, একটি একনলা বন্দুক, ৬১ রাউন্ড ২২ বোর গুলি, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে হারুন খান ও মান্নান খানের সঙ্গে খোরশেদ খানের ছেলে মিজান খানের কথা-কাটাকাটি হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করেন। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালাগাল করেন। এতে ক্ষুব্ধ হয়ে মান্নান দলবল নিয়ে আগ্নেয়াস্ত্রসহ মিজানের বাড়িতে হামলা চালান এবং এলোপাতাড়ি গুলি ছোড়েন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, পূর্ববিরোধের জেরে একই বংশের লোকজনের মধ্যে এ দ্বন্দ্বের সূত্রপাত। গুলিতে নারী-শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত