ম্যারাডোনার ঐতিহাসিক ‘ফুয়েগো কুপে' বিক্রি হয়ে যাচ্ছে

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা শুধু মাঠেই নয়, গাড়ির প্রতিও ছিলেন ভীষণ অনুরাগী। তার জীবনে বহু বিখ্যাত গাড়ির গল্প রয়েছে। ফিয়াট ১২৮, কালো ফেরারি টেস্টারোসা কিংবা বোকা জুনিয়র্সে যাওয়ার সময় ব্যবহৃত স্কানিয়া ট্রাক। সেই তালিকার আরেক আইকনিক গাড়ি রেনল্ট ফুয়েগো জিটিএ ম্যাক্স কুপে, যা এখন বিক্রির জন্য তোলা হয়েছে।

১৯৯১ সালে ইতালির ক্লাব নাপোলিতে খেলার সময় ডোপিং কাণ্ডে ১৫ মাস নিষিদ্ধ থাকার পর আর্জেন্টিনায় ফেরেন ম্যারাডোনা। তখন তার বয়স ৩০। দেশে ফিরে বুয়েনোস আইরেসে চলাফেরার জন্য তিনি জুন মাসে নতুন একটি রেনল্ট ফুয়েগো জিটিএ ম্যাক্স কিনেছিলেন। ২.২ লিটার ইঞ্জিনের এই গাড়িটি প্রায় ১২৩ হর্সপাওয়ারের ছিল। সেটি ছিল ওই সময় আর্জেন্টিনায় তৈরি সবচেয়ে দ্রুতগতির গাড়িগুলোর একটি। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার।

এই গাড়ি চালিয়েই ম্যারাডোনা একসময় জনপ্রিয় টিভি অনুষ্ঠান “রিতমো দে লা নোচে”–এর স্টুডিওতে গিয়েছিলেন, যার সঞ্চালক ছিলেন মার্সেলো টিনেলি। সেই সময় তিনি নিয়মিত টিভি শো ও প্রীতি ম্যাচে অংশ নিতেন এবং আর্জেন্টিনা দলের সাবেক সতীর্থদের সঙ্গে খেলতেন। একদিন তিনি এই গাড়ি নিয়ে যান বুয়েনোস আইরেস অস্কার ও হুয়ান গালভেস অটোমড্রোমে একটি তুরিস্মো কারেতেরা রেস দেখতে। সেখানে সাবেক রেসার অস্কার “পুমা” আভেন্তিন তাকে নিজের ফোর্ড ফ্যালকন গাড়িতে করে ট্র্যাকের এক চক্কর ঘুরিয়েছিলেন। ম্যারাডোনা নিজেই ড্রাইভ করতেন গাড়িটি।

আভেন্তিন পরে বলেছিলেন, ম্যারাডোনার উপস্থিতির কারণে সেই দিন রেসটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। তবে ম্যারাডোনা খুব বেশি দিন এই গাড়ি নিজের কাছে রাখেননি। ১৯৯২ সালের জুলাইয়ে তিনি ইউরোপে ফিরে গিয়ে স্পেনের ক্লাব সেভিয়াতে যোগ দেওয়ার সময় গাড়িটি বিক্রি করে দেন। পরে এটি হাতবতল হয়ে বেনিনিও রোসেন্দে ই কালভো নামের এক ব্যক্তির কাছে যায়।

বছরের পর বছর গাড়িটি বিভিন্ন মালিকের হাতে গেলেও এটি সবসময় যত্নে ছিল। দৈনন্দিন ব্যবহারে প্রায় কখনোই চালানো হয়নি। ২০২৪ সালে গাড়িটির মিটারে ছিল ৬৭,৫৮৪ কিলোমিটার, আর এখন মাত্র ৬৭,৬২২ কিলোমিটার! 

বর্তমানে আর্জেন্টিনার রেসার ও গাড়ি ব্যবসায়ী আইক্সা ফ্রাঙ্কে সামাজিক মাধ্যমে গাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছেন। গাড়িটির দাম হাঁকানো হয়েছে প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার। রেনল্ট ফুয়েগো মোটরস্পোর্টেও দারুণ সফল ছিল। আর্জেন্টিনার টিসি ২০০০ চ্যাম্পিয়নশিপে এই মডেল টানা আটটি শিরোপা জিতেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত