ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত মোজতবা খামেনিকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মোজতবা খামেনি ‘শান্তিতে থাকতে পারবেন না’।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে তাঁর এই মন্তব্য ঠিক কী ইঙ্গিত বহন করে, তা স্পষ্ট নয়। ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন। তিনি ইরানের নতুন নেতা নির্বাচনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি হতাশ হয়েছি। কারণ আমরা মনে করি এতে দেশটির একই ধরনের সমস্যাই চলতে থাকবে। তাই তাদের এই সিদ্ধান্তে আমি হতাশ।
এর আগে ইরানের পরবর্তী নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন ট্রাম্প।
সোমবার এক প্রশ্নের জবাবে মোজতবা খামেনির ওপর হামলার ঝুঁকি আছে কি না জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তবে দেখুন, আমার ওপরও তো আগে হামলার চেষ্টা হয়েছিল।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির মনোনয়ন নিয়ে ইতোমধ্যেই নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
