আন্তর্জাতিক বিনিয়োগ মেলায় বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরবে আইএসওআরএফ

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি গৃহীত উদার নীতিমালাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইন সার্চ অব রুট ফাউন্ডেশন (ISORF)। ওয়াশিংটন ডিসিতে আগামী ১৭-১৮ এপ্রিল আয়োজিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল ফাইন্যান্স মেলা-২০২৬’-এর আয়োজক এই সংস্থাটি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের এই বিনিয়োগবান্ধব পদক্ষেপকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়ের অর্থ নিজ দেশে প্রত্যাবাসনের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত অর্থ ফেরত নিতে আর বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমতির প্রয়োজন হবে না। ব্যাংকগুলো নিজস্ব প্রক্রিয়ায় এই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এই উদ্যোগকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বড় এক স্বস্তি হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা।

আইএসওআরএফ-এর এক বিবৃতিতে বলছে, এই ধরনের উদার নীতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাংলাদেশে নতুন বিনিয়োগ প্রবাহকে উৎসাহিত করবে। সংস্থাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় বিভিন্ন সেমিনার, সংলাপ ও বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধি, ফেডারেল রিজার্ভের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র সিনেটের ফরেন রিলেশনস কমিটি ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা, সিনেটের ইন্টারন্যাশনাল অপারেশনস ও বাইল্যাটারাল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক সাবকমিটির প্রতিনিধি, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরের কর্মকর্তা এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নিবেন। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও এই সেমিনারে যোগ দেবেন।

মেলার একটি গুরুত্বপূর্ণ সেমিনার ‘স্ট্রেংদেনিং ইনভেস্টমেন্ট ফ্লোজ ইন দ্য ইউ.এস. অ্যান্ড সাউথ এশিয়া: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষভাবে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করাই এই সেমিনারের মূল লক্ষ্য।

আইএসওআরএফ মনে করে, বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বিনিয়োগবান্ধব নীতিমালা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়াশিংটন ডিসির এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে সংস্থাটি আশা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত