একসঙ্গে নাচলেন তমা-হিমি

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:০৪ এএম

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সবসময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। দিন যতই যাচ্ছে ইত্যাদি যেন আরও বেশি সৃজনশীল, প্রাণবন্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেত। ঈদের বিশেষ ইত্যাদির একটি অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য। আর ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন দুই ভুবনের দুজন, জনপ্রিয় অভিনয় তারকা। চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন-অডিও ভিশন জানায়, নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সবকিছু মিলিয়ে এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারণ। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে, তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত