রঙিন ফল ও সবজি কেন খাবেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম

ফল ও সবজির রঙের ভিন্নতা থাকে মূলত ভিটামিন এবং খনিজের কারণে। শরীরের জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ উপাদান এবং ফাইটো কেমিক্যালস-সমৃদ্ধ রঙিন সবজি ও ফল খেতে হয়। পুষ্টিমূল্য জানিয়েছেন মানবিক সাহায্য সংস্থার পুষ্টিবিদ নাজিয়া আফরিন

সবুজ : সবুজ রঙের ফল ও সবজি শক্তিশালী ডিটক্স ও ফ্রি র‌্যাডিক্যালের সঙ্গে লড়াই করে। ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে।এতে থাকে ক্যানসার-প্রতিরোধক আইসোসায়ানেট, ইনডোল ও সালফোরাফেন। খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সবুজ পাতাযুক্ত সবজিতে লুটেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের জন্য ভালো। স্তন ক্যানসার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ। সবুজ সবজির মধ্যে পালং, পুঁই, সবুজ শাক, বাঁধাকপি, মটরশুঁটি, পেঁয়াজপাতা, পটোল, লেটুসপাতা, ধনেপাতা, পুদিনাপাতা, শসা, ক্যাপসিকাম, ব্রোকলি, শালগম, শিম, বরবটি, করলা, সবুজ চা ইত্যাদি। ফলের মধ্যে আছে সবুজ আঙুর, পেয়ারা, সবুজ আপেল, অ্যাভোকাডো, লেবু ও পেয়ার।

লাল : লাল রঙের ফল ও সবজিতে ক্যারোটিনয়েড লাইকোপেন রয়েছে, যা হৃদরোগ, প্রোস্টেট ক্যানসার, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত কোলেস্টেরল, ইরেক্টাইল ডিসফাংশন এবং ফুসফুসের রোগপ্রতিরোধ করে। লাল রঙের সবজির তালিকায় আছে বিট, টমেটো, শুকনো মরিচ, লাল পেঁয়াজ, লাল মরিচ ও লাল ক্যাপসিকাম। আর লাল রঙের ফল হলো আপেল, বিট, তরমুজ, লাল আঙুর, চেরি, স্ট্রবেরি, রাসবেরি, ক্রানবেরি, বেদানা, লাল ড্রাগন ফল, লাল আঙুর, লাল পেয়ারা, পাকা পেঁপে ইত্যাদি।

সাদা : সাদা রঙের সবজি ও ফলে শরীর বিষমুক্ত হয়। পেঁয়াজ, রসুনে অ্যালিসিন নামক শক্তিশালী ফাইটো কেমিক্যাল থাকে, যা শরীরের বিষাক্ত পদার্থ দূর করে কোলন, প্রোস্টেট ও স্তন ক্যানসার, টিউমার ও হৃদরোগের বিরুদ্ধে কাজ করে উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। সাদা সবজির মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, ফুলকপি, মুলা, মাশরুম ও আলু অন্যতম। ফলের মধ্যে কলা, বাদাম, নাশপাতি, নারকেল ও সাদা ড্রাগন অন্যতম।

হলুদ : হলুদ সবজিওফলে বিটা ক্যারোটিন নামক ফাইটো কেমিক্যাল থাকে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা পাওয়া যায় মিষ্টি আলু, গাজর ও মিষ্টি কুমড়ায়, যা ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমায়। ঠা-ার সমস্যা দূর এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। ফলের মধ্যে কমলা, মালটা, আম, পেঁপেতে বায়োফ্লেভোনয়েড ভিটামিন-সির সঙ্গে যোগ হয়ে শরীর সুস্থ এবং হাড়-দাঁত ও ত্বকের ক্ষত সারায়। এতে থাকা ক্যারোটিন, ভিটামিন-সি ও ফ্লাভোনয়েডস, ভিটামিন-বি, ফলেট এবং প্যানটোথেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টের আধার এই ফলগুলো। পেঁপে ত্বকে আর্দ্রতা জোগায়, ত্বক উজ্জ্বল ও কোমল করে। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, বায়োটিন, ম্যাংগানিজ, ভিটামিন-সি এবং বি৬।

কমলা : কমলা রঙের ফল খুবই পুষ্টিকর। এই রঙের ফল মানেই কমলা, গাজর, লেবু, আনারস ও পেঁপে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর বিটা ক্যারোটিন জোগায়। দাঁত ও ত্বকের উপকার ও হৃদরোগের ঝুঁকি কমায় কমলা রঙের ফল ও সবজি।

বেগুনি : রোগপ্রতিরোধে সক্ষম ফাইটো কেমিক্যাল অ্যান্থোসায়ানিন ও ফিনোলিকস বেগুনি রঙের ফল ও সবজিতে থাকে। ক্যানসার, হৃদরোগ, আলঝেইমার রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে। বেগুন, কালো আঙুর, চেরি, নীল বেরি ও গুজবেরি। এসব ফল এবং সবজি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে ভাসকুলার সিস্টেমকে সুস্থ রাখে।

সর্বশেষ সর্বাধিক পঠিত