মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রোজী সেলিম। দর্শক ও সমালোচকের দৃষ্টিতে ভীষণ গুণী অভিনেত্রী তিনি। বহু বছর ইতিবাচক চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশের দর্শকের ভালোবাসায় যেমন সিক্ত হয়েছেন, তেমনি সিনেমার ভিলেন হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ব্যবসাসফল ‘পরাণ’ সিনেমার মাধ্যমে প্রথমবার খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। সর্বশেষ গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও খল-চরিত্রে অভিনয় করে সুনাম কুড়ান রোজী সেলিম। অভিনেত্রীর ভাষ্যমতে, পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চরিত্রে অভিনয় করাটা তিনি যেমন ভীষণ উপভোগ্য, আবার দর্শকের কাছ থেকে দুই ধরনের সাড়া পাওয়াটাও অন্যরকম একটা সুখকর অনুভূতির বিষয়। আসন্ন ঈদেও রোজী সেলিমকে নানাভাবেই দেখা যাবে। ঈদে তাকে দেখা যাবে আলোচিত পরিচালকদের ওয়েব ফিল্মে এবং নাটকে। এর মধ্যে রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’সহ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ম্যান’, তুষার খানের ‘হ্যাপি ডিভোর্স’ ও রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে। এছাড়াও তিনি আগামীকাল বৃহস্পতিবার থেকে মাহমুদুর রহমান হিমির একটি নাটকের কাজ করবেন টানা তিনদিন।
ঈদের প্রতিটি কাজ নিয়েই ভীষণ আশাবাদী রোজী সেলিম। রোজী সেলিম বলেন, ‘ঈদে নিজের অভিনীত কাজ প্রচারে এলে নিঃসন্দেহে একজন শিল্পী হিসেবে সেটা নিজের ভেতরই ভালোলাগার সৃষ্টি করে। কারণ কাজগুলো প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়ার জন্য এখনো প্রথম জীবনের কাজগুলোর মতোই আমি অপেক্ষা করি। এবারের ঈদের ওয়েব ফিল্মটি নিয়ে যেমন আমি ভীষণ আশাবাদী। আশাবাদী রাজ, রিংকু, তপু খানের নাটক নিয়েও। হিমির নাটকটিও ভালো হওয়ার কথা, কারণ গল্পটা ভীষণ সুন্দর। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, কারণ এখনো দর্শক আমাকে নানানভাবে, নানান মাধ্যমে আমার অভিনীত নাটক সিনেমার জন্য অনুপ্রেরণা জোগান।’