ধানক্ষেতে মিললো নবজাতক !

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:১২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানের ক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০মার্চ) সন্ধ্যার পর সড়ক পাশের ধানক্ষেতে থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায় এক পথচারী। পরে স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়া নবজাতক শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে নতুন জামা কাপড় পড়ান। তারপর তিনি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে শিশুটিকে ঈশ্বরগঞ্জ  হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা শিশুটির চিকিৎসা করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি আছে।

নবজাতককে পাওয়া স্থানীয় বাসিন্দা হালিম মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় শিশুটি কান্না করছিল। এক পথচারী বিষয়টি আমাকে জানালে শিশুকে আমার বাড়িতে নিয়ে যাই। তাকে নতুন কাপড় পড়িয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিই। বর্তমানে শিশুটির সঙ্গে হালিম মিয়াসহ তার স্বজনরাও রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় আবু হুযাইফা রাজু বলেন, সন্ধ্যার পরে খবর পেলে স্থানীয় চেয়ারম্যান আমাকে হাসপাতালে পাঠান। শিশুটির খোঁজখবর নিয়েছি। শিশুটি সুস্থ আছে। আমরা চাই শিশুটিকে এমন কারো কাছে দেওয়া হোক যার কাছে নবজাতক সুস্থভাবে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। হাসপাতালে আসা তাসলিমা আক্তার নামে এক সেবাপ্রার্থী বলেন, একটি শিশু পরিবারের জন্য শ্রেষ্ঠ উপহার। অথচ এমন এক ফুটফুটে নবজাতককে ধানক্ষেতে কে ফেলে গেছে!’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. সনজিত মোদক বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে  প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। আমরা ধারণা করছি বাচ্চাটি ৩ থেকে ৪ ঘণ্টা আগে ভূমিষ্ঠ হয়েছে।

এদিকে উদ্ধারের পর থেকে নবজাতককে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা চলা অবস্থায় শিশুটিকে দেখে তাৎক্ষণিক চিকিৎসা, প্রয়োজনীয় খাবার এবং ওষুধের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিশুটির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত