ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে বুধাবার (১১ মার্চ) ভোট হতে যাচ্ছে দুটি খসড়া প্রস্তাবের ওপর।
উপসাগরীয় দেশগুলোর পেশ করা প্রথম প্রস্তাবে জর্ডান ও অন্যান্য উপসাগরীয় দেশের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবে হরমুজ প্রণালীতে বিঘ্ন সৃষ্টি বা বন্ধ করার চেষ্টা নিন্দিত হয়েছে। বর্তমানে ৯০টির বেশি দেশ এটি সমর্থন করছে।
অন্যদিকে, ইরানের মিত্র রাশিয়া একটি বিকল্প প্রস্তাব পেশ করেছে, যেখানে ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ নেই। এতে বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়ে যুদ্ধ অবিলম্বে বন্ধ করে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস বলেন, উভয়পক্ষের হামলা আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। তবে ইরানের রাষ্ট্রদূত আমির সায়িদ ইরাভানি প্রস্তাবটি 'পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে সমালোচনা করেছেন।
