আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। মাহদীর পক্ষে বিবিসি বাংলাকে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির।বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বিরের বরাবর এ নোটিশ পাঠানো হয়।
মাহদী হাসান জানান, বিবিসি বাংলা তার বিরুদ্ধে‘অন্যায় ও মানহানিকর’ তথ্য প্রকাশ করেছে । এ প্রেক্ষিতে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়। যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
ছাত্রনেতা মাহাদীর অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করেছে। তাই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন।
