ইরানের নিশানায় মার্কিন-ইসরায়েলি ব্যাংকসহ গুগল-মাইক্রোসফট

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

তেহরানে ইরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকের একটি প্রশাসনিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বুধবার (১১ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকিং ও অর্থনৈতিক স্থাপনায় এবার হামলা চালাবে ইরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের ওই ব্যাংক ভবনে হামলার একদিন পরই ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হলো। এর আগে মঙ্গলবার রাতে তেহরানের ওই ব্যাংক ভবনটিকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনারা ও জায়নবাদী নির্দয় শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের দেশের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের ফলে আমরা এখন অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও জায়নবাদী শাসকগোষ্ঠী সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত হানতে বাধ্য হয়েছি।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। যেসব কোম্পানির প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যাদের ইসরায়েলের সঙ্গে সংযোগ রয়েছে, তাদেরই ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালানটির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল। তাসনিম নিউজের তথ্যমতে, ইসরায়েলের বিভিন্ন শহর এবং কিছু উপসাগরীয় দেশে অবস্থিত এসব কোম্পানির অফিস এবং ক্লাউড-ভিত্তিক অবকাঠামো এখন থেকে ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত