দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং মল যমুনা ফিউচার পার্কে তাদের নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। গতকাল বুধবার এক আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবিরের উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং দর্শকপ্রিয় অভিনেতা মডেল তৌসিফ মাহবুব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ প্রজন্মের একঝাঁক জনপ্রিয় মডেল-তারকা, স্টেপ ফুটওয়্যারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। আউটলেটটি আধুনিক নকশা, নান্দনিক পরিবেশ এবং ক্রেতাবান্ধব সেবার সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে ক্রেতারা সহজেই ব্র্যান্ডটির সর্বশেষ ও বৈচিত্র্যময় ফুটওয়্যার সংগ্রহ থেকে নিজেদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য ক্রেতারা বিশেষ মূল্যছাড়সহ নানা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
