নওগাঁয় বজ্রপাতে ২ জন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মান্দা উপজেলায় ও ধামইরহাটে এ ঘটনা ঘটেছে।
নিহতদের পরিবার ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি ক্ষেতে শসা তুলতে যায় কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।
অন্য দিকে মান্দা উপজেলায় বজ্রপাতে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন পিন্টু রহমান (৩৫)। তিনি চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিন্টু রহমান পেশায় একজন কৃষিশ্রমিক। বৃহস্পতিবার সকালে তিনি আব্দুল হাকিমের বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পিন্টু রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পিন্টু রহমানের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম।