ফিনালিসিমার ভেন্যু নিয়ে অনিশ্চয়তা অবশেষে কেটে গেল। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচটি আগামী ২৭ মার্চ দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এখন স্পেনে আয়োজন করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। তাতে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিসিমা ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা ছিল এই প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষের। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার খাতিরে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্পেনের রেডিও কাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বেশ কয়েকটি স্টেডিয়াম নিয়ে আলোচনা হলেও ওই নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততার কারণে সেগুলো খালি পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের আইকনিক স্টেডিয়াম বার্নাব্যুকেই বেছে নেওয়া হয়। শুরুতে আর্জেন্টিনা এই ভেন্যুতে খেলতে কিছুটা দ্বিধা প্রকাশ করেছিল, কারণ স্পেনের ঘরের মাঠে খেলা হলে তারা বাড়তি সুবিধা পাবে। তবে বর্তমান লজিস্টিক জটিলতায় বার্নাব্যুই সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে সামনে আসে।