কুড়িয়ে পাওয়া দেড় লাখ টাকা মাইকিং করে ফেরত দিলেন ব্যবসায়ী

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:২৪ এএম

বরগুনা শহরের ব্যস্ত রাস্তায় পড়ে ছিল একটি খাম। ভেতরে ছিল ১ লাখ ২৩ হাজার টাকা। বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান জাকাতের গরু কেনার জন্য এই অর্থ জমিয়েছিলেন। অসতর্কতাবশত টাকাটি পথে হারিয়ে ফেলেন তিনি। এই শিক্ষকের হারানো টাকা কুড়িয়ে পান বরগুনা কাঁচাবাজারের ব্যবসায়ী মো. বশির উদ্দিন। মাইকিং করে তিনি টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করেন এবং ফেরত দেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন কাঁচাবাজারের আড়তদার মো. বশির উদ্দিন। স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। খামটি তুলে দেখেন ভেতরে অনেকগুলো টাকা রয়েছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেও মালিক খুঁজে না পেয়ে মাইকিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। মাইকিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং পরিচিতদের মাধ্যমে মালিকের খোঁজ চালান। পরে মাইকিং শুনে যথাযথ প্রমাণ নিয়ে ব্যবসায়ী বশির উদ্দিনের কাছে আসেন শিক্ষক খলিলুর রহমান। প্রমাণ মিললে তাকে ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন বশির উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমিসংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে প্রকৃত মালিকের হাতে খামটি তুলে দেন তিনি। ওই মুহূর্তে উপস্থিত সবাই মানবিকতার এক অনবদ্য জাদু অনুভব করেন।

হারানো টাকা ফিরে পাওয়া শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, ‘জাকাত দেওয়ার উদ্দেশ্যে গরু কেনার জন্য টাকা আলাদা করে রেখেছিলাম। প্যান্টের পকেটে মোবাইল ফোন ও অন্য টাকার সঙ্গে খামটি ছিল। অজান্তেই রাস্তায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। মাইকিং শুনে যোগাযোগ করলে হারানো টাকা ফিরে পেলাম। এত নগদ টাকা পেয়েও লোভ সামলানো সত্যিই বড় ইমানের পরিচয়। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করি যেন তিনি ইমানের পথে অটল থাকেন।’

ব্যবসায়ী মো. বশির উদ্দিন বলেন, ‘রাস্তায় পড়ে থাকা খামে টাকা পেয়েছিলাম। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পরও মালিক পাইনি। তাই মাইকিং করি। পরে প্রকৃত মালিক সঠিক প্রমাণ দিলে টাকা ফেরত দিয়েছি। নগদ টাকা পেয়েও লোভ সামলানো সহজ নয়, তবে সততা ও ইমানই মানুষের সত্যিকারের পরিচয়।’

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘নগদ টাকার লোভ অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু বশির উদ্দিন সেই লোভ জয় করেছেন। তার এই সততা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত