টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বাসন দিয়ে সংগ্রহ করে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরাঞ্চলগামী সিরাজুল মোটরস নামের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিজেল ঝরতে থাকার দৃশ্য দেখে শুভুল্যা গ্রামের বাসচালক রুবেল মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি একটি লৌহদ- দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন। পরে সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন। এতে কিছুটা সফলতাও পান তিনি। দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
