মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। আবার মুক্তিযোদ্ধার তালিকায় যুদ্ধ করেনি এমন অনেকের নাম এসেছে। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
রাজধানীর জিয়া উদ্যানে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আজম খান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন ঠিকভাবে কাজ করতে পারি এবং যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে তা যেন সততার সঙ্গে পালন করতে পারি। তিনি আরও জানান, খালেদা জিয়ার চিন্তা-চেতনা এবং জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সরকার কাজ করছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া, রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করব। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
