এবারের ঈদযাত্রায় এ সময়ে ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছিল। এর মধ্যে টিকিট পেয়েছে মাত্র ৩৬ হাজার। গতকাল শুক্রবার ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
ট্রেনের আগাম টিকিট বিক্রি হয় ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত। গতকাল ছিল রেলপথে ঈদযাত্রা শুরুর প্রথম দিন। এ উপলক্ষে মন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।
শেখ রবিউল আলম বলেন, সব ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। দুটি ট্রেন মনে হয় ৪০ মিনিট লেট হয়েছে। সবকিছু মিলিয়ে পরিবেশও ভালো। আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা হ্যাপি। তবে তারা একটা শঙ্কা প্রকাশ করেছে যে, এই সেবা বা এই তৎপরতা চলমান থাকবে কি না। আমি তাদের আশ্বস্ত করেছি, রেল সেবার মান আজ যা দেখেছেন, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই যেকোনো মূল্যে। উত্তরোত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে।
