শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে অনেক শিক্ষানুরাগীর বিশেষ অবদান রয়েছে। যারা শিক্ষিত এবং সমাজে যাদের অবদান রয়েছে তাদের কীভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে আলোচনা চলছে। এমপি এবং প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা করে শিক্ষার মানোন্নয়ন ও ম্যানেজমেন্ট কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী না এমন কেউ কমিটিতে আসতে পারবেন না। গতকাল শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নিতে হবে।
এর আগে শিক্ষামন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
