সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক গৃহবধূ আজ আন্তর্জাতিক মঞ্চে নিজের সংগ্রামের গল্প তুলে ধরতে যাচ্ছেন। সমাজের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে নেতৃত্বের আসনে পৌঁছানো সেই নারীযোদ্ধার নাম অপর্ণা মল্লিক। নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে তিনি আগামী ২০ মার্চ তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা অপর্ণা দীর্ঘদিন ছিলেন একজন সাধারণ গৃহবধূ। কিন্তু নিজের অদম্য ইচ্ছাশক্তি, সাহস এবং শেখার অদম্য আগ্রহ তাকে ধীরে ধীরে সমাজের একজন নেতৃত্বদানকারী নারী হিসেবে গড়ে তুলেছে।
খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) পরিচালিত এনগেজ প্রকল্প ২০২০ সাল থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সীগঞ্জ ইউনিয়নে নারীদের নেতৃত্ব বিকাশ এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় বর্তমানে প্রায় ১৫০ জন নারী প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে জবা নারী উন্নয়ন দলের একজন সফল সভানেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন অপর্ণা মল্লিক।
সিসিডিবির এনগেজ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা নিলীমা রাণী ম-ল জানান, গৃহবধূ জীবনের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে অপর্ণা মল্লিক এনগেজ প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা বিকশিত হয়েছে। পারিবারিক সংকট, সামাজিক কুসংস্কার ও নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করেও তিনি পিছু হটেননি। বরং নিজের মতো করে নারীদের সংগঠিত করে সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার এই অনুপ্রেরণামূলক যাত্রা এখন আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। কানাডাভিত্তিক প্রতিষ্ঠান কোডি ইনস্টিটিউট তাকে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য নারী নেতৃত্ব এবং সক্রিয় নাগরিকত্বের ওপর বিশ্বব্যাপী সমাবেশ শীর্ষক আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, ইথিওপিয়া, হাইতি ও তানজানিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে অপর্ণা নিজের জীবনের সংগ্রাম, উপকূলের নারীদের বাস্তবতা এবং নেতৃত্বে এগিয়ে আসার গল্প তুলে ধরবেন।
