সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম

জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অন্তবর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো বিশেষ কমিটিতে যাবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত ট্রাডিশন অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। অধ্যাদেশ ও বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।

এগুলো এই অধিবেশনে সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, এই অধিবেশনে অবশ্যই সম্ভব। বিশেষ কমিটিতে যাবে। এটা রোববার (১৫ মার্চ) আইনমন্ত্রী প্রস্তাব উত্থাপন করবেন। তারপর বিশেষ কমিটিতে আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে। এটাই নিয়ম।

জামায়াত বলেছে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে রাজপথে নামবে- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত