নিউজিল্যান্ডের মাটিতে এক অনন্য ক্রিকেট উৎসবের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১০ দিনের এই সংক্ষিপ্ত সফরে একই দিনে, একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুই দেশের পুরুষ ও নারী দলের টি-টোয়েন্টি ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে মেয়েদের ম্যাচটি বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে এবং ছেলেদের ম্যাচটি দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার নারী দল এই সফরে যাচ্ছে তাদের পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। সামনেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন অধিনায়ক লরা উলভার্ট। প্রোটিয়াদের লক্ষ্য টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা। স্বাগতিকদের ডেরায় ফিরেছেন সুজি বেটস এবং সোফি ডিভাইনও, যা সিরিজটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই সফরে এক প্রকার ‘দ্বিতীয় সারির’ পুরুষ দল পাঠিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডের মাত্র তিনজন—কেশব মহারাজ, জর্জ লিন্ডে এবং জেসন স্মিথ আছেন এই দলে। নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার চারজন নতুন খেলোয়াড়ের অভিষেক হতে পারে, যাদের মধ্যে আছেন ১৯ বছর বয়সী পেসার এনকোবানি মোকোয়েনা এবং ব্যাটার জর্ডান হারম্যান।
২০১৬ সালের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে নারী ও পুরুষ দলের ম্যাচ একই দিনে একই ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে। ইএসপিএন-ক্রিকইনফোর তথ্যমতে, শেষবার এমনটি হয়েছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেশব মহারাজ, ‘নারী ক্রিকেটের অসাধারণ উন্নতি দেখার জন্য এটি আমাদের জন্য এক দারুণ সুযোগ। আমরা তাদের খেলা দেখে কন্ডিশন সম্পর্কেও ধারণা নিতে পারব।’
লরা উলভার্টও মনে করছেন, একইসঙ্গে সিরিজ হওয়ায় দুই দলের মধ্যে জ্ঞানের আদান-প্রদান সহজ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনো দুই দলের মনে টাটকা। নিউজিল্যান্ড চাইবে তাদের দাপট ধরে রাখতে, আর দক্ষিণ আফ্রিকা চাইবে নতুনদের নিয়ে কিউই দুর্গ জয় করতে।
আউট হয়ে আপত্তিকর আচরণ করায় সালমান আঘার শাস্তি
ফিনালিসিমার ভেন্যু নিয়ে ধোঁয়াশা: দুশ্চিন্তায় স্কালোনি