জাতীয় স্বার্থে কারও সঙ্গে আপস করব না: জামায়াত আমির

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

জাতীয় বিষয়ে, জাতীয় স্বার্থে আমরা কারও সঙ্গে আপস করব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারি দল যদি সেক্ষেত্রে অনড় থাকে আমরা তাদের পাশে থেকে শক্তি যোগাব। আর যদি তারা এখান থেকে বিচ্যুত হয় তাদের সোজা করার চেষ্টা করব। না হলে প্রতিরোধ গড়ে তুলব।

আজ শনিবার ঢাকা লেডিস ক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াত আমির বলেন, আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদ মাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা এটা হারিয়ে ফেলেছি গত ১৫ বছর।

গত ফ্যাসিবাদী সরকার সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন-জুলুম করেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যেসব সাংবাদিক সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তারা এটাতে সফল হয়েছিল। তাই আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়ম পূর্ণ মুক্তি চাই। কারণ ফ্যাসিবাদ কখনও জাতিকে ভালো কিছু দিতে পারেনি, পারবেও না।

এ সময় সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বিরোধীদলীয় এই নেতা বলেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা জাতির বিবেক। আপনারা আপনাদের বিবেক অনুযায়ী চলবেন। আমাদের মৃত্যু একবারই হবে। লড়াই করতে হবে বীরের মতো। মাঝখানে কোনও আপস নাই।

তিনি বলেন, আমরা বিরোধী দলে আছি। আমরা চোখ খোলা রাখব। সাংবাদিকদেরও চোখ খোলা রাখতে হবে। আমরা একসঙ্গে লড়াই করে যাব। যদি আপনারা সাংবাদিকরা ঠিক মতো চলে তাহলে রাষ্ট্রের বাকি তিন অঙ্গ সোজা হয়ে চলতে বাধ্য।

এ সময় তিনি সাংবাদিক গাজী রুহুল আমিনের কথা স্মরণ করে বলেন, গাজী রুহুল আমিন আজীবন সংবাদ পত্রের স্বাধীনতার পক্ষে লড়াই করে গেছেন, মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ,  আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত