আজ জিতলে সিরিজ বাংলাদেশের

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ এএম

ক্রিকেট নিয়ে উপমহাদেশে যে বৈরিতার চর্চা, সেটা মূলত রাজনৈতিক। রাজনীতিবিদদের ভেতর বৈরিতা থাকলেও ক্রিকেটারদের মধ্যে হৃদ্যতা ছিল। তবে সাম্প্রতিক সময়ে নানান ঘটনায় সেই হৃদ্যতা রূপ নিচ্ছে পেশাগত দ্বন্দ্বে। অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করার পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোতে যোগ হয়েছে বাড়তি ঝাঁজ। সালমান আলি আগাকে চেতনাবহির্ভূতভাবে রানআউট করার মাধ্যমে পাকিস্তানের সঙ্গেও কি বৈরিতার নতুন খাতা খুলল বাংলাদেশ? আজ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের বিজয়ী নিষ্পত্তির ম্যাচের সঙ্গে বৈরিতার ঝাঁজ মিলে ফাল্গুনের শেষবেলায় হয়তো চৈত্রের উত্তাপই ছড়াবে।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডে, দুটো ম্যাচকেই বলা যায় একটি অন্যটির প্রতিবিম্ব। নাহিদ রানার তোপে পাকিস্তান প্রথম ওয়ানডেতে অলআউট হয়েছিল ১১৪ রানে, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশও অলআউট হয়েছে ১১৪ রানে। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফ মিলে নিয়েছেন ৫ উইকেট। ল’ অব অ্যাভারেজ হিসাব করলে আজকের দিনটা বাংলাদেশেরই ভাল যাওয়ার কথা। তবে বাস্তবতা হচ্ছে, যে ম্যাচগুলোতে জয়ের প্রত্যাশা বেশি থাকে কিংবা কোনো একটা অর্জনের হাতছানি থাকে, সেসব ম্যাচ বাংলাদেশ বাজেভাবে হারে। প্রজন্ম থেকে প্রজন্ম পরিবর্তন হয়, খেলোয়াড় তালিকাতেও নাম বদলায় তবে বৈশিষ্ট্য একই থেকে যায়। সেই চিরন্তনকে মিথ্যা প্রমাণ করতে পারবে কি বাংলাদেশ?

একাদশে নিশ্চিতভাবে একটা বদল আসছে। সাইফ হাসান জায়গা হারাচ্ছেন সৌম্য সরকারের কাছে। দুই ম্যাচে ১২ এবং ৪ করা সাইফকে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে না রাখারই জোরালো সম্ভাবনা। বৃষ্টির বাগড়ায় শুক্রবার দ্বিতীয় ওয়ানডে শেষ হতে হতে অনেকটা দেরি, পরদিন তাই কোনো দলই রাখেনি অনুশীলন। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের আরও পেশাদার এবং সুশৃঙ্খল হতে হবে। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ বেশ অভিজ্ঞ এবং শক্তিশালী। তারা যদি কন্ডিশন বুঝে নিজেদের পরিকল্পনা দীর্ঘ সময় ধরে মাঠে প্রয়োগ করতে পারে, তবে তারা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।‘ সবশেষ ১০ ওয়ানডের ৭টিতেই বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি, এই সমস্যার সমাধান হিসেবে মুশতাকের পরামর্শ, ‘‘ওয়ানডে ক্রিকেট অনেকটা ‘মিনি টেস্ট ক্রিকেট’-এর মতো। এখানে পরিস্থিতি অনুযায়ী খেলা পরিবর্তন করতে হয়। যদি বল সুইং করে, তবে বেশি শট না খেলে পার্টনারশিপ গড়ায় মনোযোগ দিতে হয়। বোলার যখন ভালো বল করবে, তখন নিজের দক্ষতা দিয়ে সেটি মোকাবিলা করতে হবে। আমাদের এই দ্রুত শেখার মানসিকতা তৈরি করতে হবে।” তৃতীয় ওয়ানডে ভুলতে গেলে দ্বিতীয় ওয়ানডেটা ভুলে যেতে হবে, এমনই গুগলি দিয়েছেন এই সাবেক লেগস্পিনার, ‘আমাদের এই গত ম্যাচটি দ্রুত ভুলে যেতে হবে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রথম ম্যাচে আমরা দেখেছি যে, পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করলে আমরা সিরিজ জিততে পারি। ইনশাআল্লাহ্, ছেলেরা ঘুরে দাঁড়াবে।’ দুটো ম্যাচেই কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উইকেট পেতে থাকা নাহিদ রানাকে বোলিং না করিয়ে নিজে বেশি বোলিং করেছেন প্রথম ওয়ানডেতে, দ্বিতীয় ম্যাচে বিতর্কিত রান আউট। মিরাজ কি অধিনায়কত্বের চাপটা বেশি নিয়ে নিচ্ছেন? মুশতাক বললেন, ‘গত কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি তাকে ব্যাটিং কমিয়ে দীর্ঘ সময় বোলিং করার পরামর্শ দিয়েছিলাম এবং সে সেটি গুরুত্ব সহকারে নিয়েছে। একজন অফ-স্পিনার হিসেবে বল স্পিন করানো এবং ওভার-স্পিন পাওয়া খুব জরুরি। মিরাজ সেটি বুঝতে পেরেছে এবং তার ফল হাতেনাতে পেয়েছে।’

পাকিস্তানের সালমান আগা এসেছিলেন সংবাদ সম্মেলনে। তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়েই উত্তর দিতে হয়েছে বেশি, তবে সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে এই ব্যাটসম্যান বলেছেন, তার আর মোহাম্মদ রিজওয়ানের একটা বড় জুটি লাগবে জিততে, ‘মাজ সাদাকাত একজন উঁচুমানের খেলোয়াড়। সে এবং সাহেবজাদা যেভাবে শুরুতে ব্যাটিং করেছে, তারা প্রতিপক্ষ বোলারদের লেংথ থেকে সরিয়ে দিয়েছে এবং আক্রমণাত্মক খেলেছে। সাদাকাত এমন একজন খেলোয়াড় যে ১০-১২ ওভার ব্যাটিং করলে যে কোনো দলের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। আমি তার জন্য খুব খুশি। তারা দুজনে ওভাবে ব্যাটিং করার পর আমি এবং রিজওয়ান সেটিকে কাজে লাগিয়েছি। প্রথম ম্যাচে হারের পর আমি রিজওয়ানের কাছে গিয়ে বলেছিলাম যে আমরা অতীতে টেস্ট বা টি-টোয়েন্টিতে অনেক বড় পার্টনারশিপ করেছি এই সিরিজ জিততে আমাদের আরও দুটি বড় পার্টনারশিপ দরকার। আমরা একটি করেছি, আশা করি ফাইনালেও সেটি করতে পারব।’ পাকিস্তানের পেসাররা ছন্দে ফেরাতেও স্বস্তিতে সালমান, ‘বিশেষ করে এই ধরনের পিচে আমরা খুব ভালো বোলিং দল। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে যারা যে কোনো দলকে অলআউট করে দিতে পারে। আজ আমরা খুব ভালো বল করেছি এবং শেষ ম্যাচেও আমরা সেটি ধরে রাখতে চাই।’

বিতর্কের উত্তাপ পেছনে ফেলে আজ যদি ম্যাচটা জিতেই যায় বাংলাদেশ, তাহলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজটা নিজেদের করে নেবে মিরাজের দল। সেই সঙ্গে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়েও বাংলাদেশ ১০ থেকে উঠে আসবে ৯ম স্থানে।

সর্বশেষ সর্বাধিক পঠিত