রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। দূতাবাস বলেছে, বর্তমান পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে দেশটি ছেড়ে আসার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বার্তায় আরও উল্লেখ করা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গালফ নিউজের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
অপরদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলে হতাহতের ঘটনা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সংঘাতের জেরে আহত হয়ে ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকার খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছে। তবে আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। তার জেরে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রবিবার সকাল পর্যন্ত মোট তিন হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৮১ জন।
