বক্তব্যের মাঝে জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

নির্ধারিত কার্যসূচির বাইরে এবং সংসদীয় রীতির ব্যত্যয় ঘটিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বক্তব্যের মাঝে থামিয়ে দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার (১৫ মার্চ) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটে।

এদিন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে একটি প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য শুরু করার আগেই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজ আসন থেকে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থান এবং বর্তমান সংসদের বিশেষ প্রেক্ষাপট নিয়ে আলোচনার সূত্রপাত করেন।

এ সময় তাকে থামিয়ে দেন স্পিকার। বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনাকে সুযোগ দেওয়া হবে।

পরে ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, একটি বিশেষ প্রেক্ষাপটে এবং জুলাই গণ-অভ্যুত্থানের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে এ দেশের আপামর জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত