গুলেরের বিস্ময়কর গোলে বিশাল জয়

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ এএম

নিজেদের অর্ধে দাঁড়িয়ে প্রায় ৭০ গজ দূর থেকে নেওয়া আরদা গুলেরের সেই অবিশ্বাস্য গোল! সান্তিয়াগো বার্নাব্যু দেখল এক জাদুকরী রাত। শনিবার লা লিগায় এলচেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র ১ পয়েন্টে নামিয়ে আনে আরবেলোয়ার দল।

যদিও গত রাতে ২৮তম ম্যাচে সেভিয়াকে হারিয়ে ব্যবধানে চারে ফেরানোর সুযোগ ছিল বার্সেলোনার।

শনিবারের ম্যাচের বয়স তখন শেষ দিকে। তুরস্কের তরুণ প্লে-মেকার আরদা গুলের লক্ষ করলেন এলচে গোলরক্ষক মাতিয়াস দিতুরো পোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসেছেন। মাঝবৃত্তের কাছাকাছি থেকে বাম পায়ের এক মাপা শটে বল ভাসিয়ে দেন গুলের। বলটি দিতুরোর মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে জালে জড়াতেই স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। সতীর্থ ব্রাহিম দিয়াজ এই গোল দেখে অবাক হয়ে বলেন, ‘এই এক গোল দেখার জন্যই টিকিট কাটা সার্থক।’ কোচ আরবেলোয়াও একে অভিহিত করেছেন ‘অবিশ্বাস্য’ হিসেবে।

ম্যাচের ৩৯ মিনিটে আন্টোনিও রুডিগারের গোলে লিড পায় লস ব্লাঙ্কোসরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। গত চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করা এই উরুগুইয়ান মিডফিল্ডার বক্সের কোনা থেকে এক বুলেট গতির শটে বল জালে পাঠান। গত ৩ ম্যাচে এটি তার পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে ডিন হুইসেনের হেডে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের শেষ দিকে ম্যানুয়েল অ্যাঞ্জেলের আত্মঘাতী গোলে এলচে একটি গোল ফেরত পেলেও গুলেরের সেই বিস্ময়কর গোল সব আলো কেড়ে নেয়।

চোটের কারণে জুড বেলিংহ্যাম ও রদ্রিগো না থাকলেও কিলিয়ান এমবাপ্পে আগামী সপ্তাহে ফেরার সম্ভাবনা রয়েছে। এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মাদ্রিদ।

রাতের অন্য ম্যাচে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৮ মিনিটেই নাহুয়েল মোলিনার ২৫ গজ দূর থেকে নেওয়া এক রকেট গতির শটে লিড পায় সিমিওনের দল। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল গেতাফে ডিফেন্ডার আবদেল আবকারের লাল কার্ড।

অ্যাটলেটিকো স্ট্রাইকার আলেকজান্ডার সরলোথকে একটি স্পর্শকাতর স্থানে (অ-কোষ) চিমটি কাটার অভিযোগে ভিএআর রিভিউয়ের মাধ্যমে আবকারকে মাঠ থেকে বের করে দেন রেফারি। যদিও আবকার পরে দাবি করেন যে তিনি সরলোথের পেটে স্পর্শ করতে চেয়েছিলেন, কিন্তু তার এই অদ্ভুত কাণ্ড গেতাফেকে ১০ জনের দলে পরিণত করে। এই জয়ের ফলে ভিয়ারিয়ালকে টপকে টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো অ্যাটলেটিকো।

সর্বশেষ সর্বাধিক পঠিত