জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান।
রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিবৃতিতে তিনি একথা বলেন। এ সময় শারমিনের হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন উপাচার্য।
শারমিন জাহানের খুনের ঘটনায় তদন্তপূর্বক খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চেয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "শারমিন জাহানের খুনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে। তিনি ঘটনা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।"
উপাচার্য শারমিন জাহানের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উপাচার্য এই কঠিন সময়ে শারমিন জাহানের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের প্রাথমিক ধারণা শারমিন জাহান খুন হয়েছেন। খুনের বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য শারমিন জাহানের স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি আরও জানান, নিহত শারমিন জাহানের চাচা মামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করছে।"
এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্রশক্তি। তারা পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা, গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন।
উত্তরায় রিকশাচালক নিহতের ঘটনায় রাতভর উত্তেজনা