ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এ পদে গতকাল রবিবার নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বেলা সাড়ে ১১টার দিকে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন অ্যাডভোকেট এমএ মজিদ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আর মাসউদ, জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
এর আগে গতকাল রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
প্রজ্ঞাপনে সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে ৪২টি জেলায় জেলা পরিষদ প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দিয়েছে সরকার।
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ঝিনাইদহের রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে চাই।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ