চাঁদাবাজিকান্ডে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ ৫০০ টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে গত ২৬ ফেব্রুয়ারি গুলশান থানায় হত্যাচেষ্টার এ মামলাটি করেন। ওইদিনই রিয়াদের সঙ্গে একই প্রতিষ্ঠানের মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানো হয়। পরে পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ১৩ মার্চ রিয়াদকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে মুখমন্ডলে আঘাত করে। এতে গুরুতর জখম হয় নির্জন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা নির্জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্জাক।
