প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা জাতির কাছে যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। এখন এমন কোনো ব্যক্তিকেই পাননি যিনি নির্বাচনের দিন ভোট দিতে পারেননি। তিনি বলেন, ভোটাররা নির্বিঘেœ ভোট দিয়েছেন এবং ভোটকেন্দ্রে কেউ কোনো সমস্যা বা বাধার মুখোমুখি হননি।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেছি। বয়স্ক মহিলারাও ভোট দিতে এসে কোনো সমস্যা ফেস করেননি। সবাই জানিয়েছেন যে তারা নির্বিঘেœ ভোট দিয়েছেন। নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি নিয়ে সিইসি অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কালি এত টেকসই যে ভোট দেওয়ার পরেও তা সহজে মুছে যায়নি। তিনি নিজের হাতের কালি পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে সেরা মানের কালি।
সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ভোটের পর অনেক অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে, কিন্তু মজার ব্যাপার হলো কোনো নারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
