জাবি শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী কারাগারে

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান হত্যা মামলায় স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি আসামির  রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) শহিদুজ্জামান আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গত রবিবার দুপুরে জাবি ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় এ হত্যা মামলাটি করেন। আসামি ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাকে রবিবার রাতে আশুলিয়ার ইসলামনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ২৪ জুন শারমিন ও ফাহিম পরিবারের অগোচরে বিয়ে করে। বিয়ে করার পর থেকে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। গত ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময়ে ফাহিম শারমিনের কপালে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা শারমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত