কুষ্টিয়ায় ধর্ষণের শিকার শিশু আইসিইউতে, মাদরাসা সুপারসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার অভিযোগে মাদরাসা সুপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, অভিযুক্ত মাদরাসা সুপার মাওলানা সাইদুর রহমান ভেড়ামারা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিবাজার এলাকার জামিলাতুন্নেছা মহিলা মাদরাসা প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক। সোমবার (১৬ মার্চ) বিকেলে স্থানীয় একটি মসজিদে এতেকাফরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। 

পরিবারের অভিযোগ, প্রায় আট মাস আগে শিশুটিকে আবাসিক শিক্ষার্থী হিসেবে ওই মাদরাসায় ভর্তি করা হয়েছিল। মাদরাসাটি একটি ভাড়া করা দুইতলা ভবনের দ্বিতীয় তলায় পরিচালিত হতো এবং নিচতলায় সুপার পরিবারসহ বসবাস করতেন। রবিবার মাদরাসা ছুটির দিনে শিশুটির মা মেয়েকে নিতে গেলে অসুস্থতার কথা জানানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা যৌন নির্যাতনের বিষয়টি শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘মাদরাসায় অনেক শিক্ষার্থী থাকলেও এখন সেখানে খুব কম শিক্ষার্থী রয়েছে। আমার শিশুর ওপর নির্যাতনের সঠিক বিচার চাই।’ শিশুটির বাবাও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শিশুটি প্রচুর রক্তক্ষরণ ও গুরুতর শারীরিক আঘাত নিয়ে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে রাজশাহীতে পাঠানো হয়। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সূত্রে জানা গেছে, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ভেড়ামারা থানার ওসি জানান, ভিকটিমের মা বাদী হয়ে মাদরাসা সুপার, তার স্ত্রী এবং এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত