মেক্সিকোতে ম্যাচ আয়োজনে ইরানের প্রস্তাব নাকচ ফিফার

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:০৩ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে ভূ-রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গ্রুপ পর্বের সব ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। তবে ফিফা সাফ জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

২০২৫ সালের ডিসেম্বরে হওয়া ড্র অনুযায়ী, ইরান গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তাদের ম্যাচগুলো হওয়ার কথা ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম এবং সিয়াটলের লুমেন ফিল্ডে। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ইরান শিবিরে অস্বস্তি তৈরি করেছে।

ট্রাম্প বলেছিলেন, ইরানের ফুটবল দলের বিশ্বকাপে অংশ নেওয়াটা তিনি ‘যৌক্তিক’ মনে করছেন না এবং খেলোয়াড়দের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সেখানে না আসাই ভালো। এর প্রেক্ষিতে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানান, যুক্তরাষ্ট্রে তাদের দলের নিরাপত্তা নিশ্চিত নয়। তাই তারা মেক্সিকোতে সব ম্যাচ খেলার জন্য ফিফার সাথে আলোচনা শুরু করেন।

ইরানের এই দাবি নাকচ করে দিয়ে ফিফা এক বিবৃতিতে ‘দ্য অ্যাথলেটিক’-কে জানিয়েছে: "২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে ফিফা ইরানসহ অংশগ্রহণকারী সব সদস্য দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ী সব দল প্রতিযোগিতায় অংশ নেবে—ফিফা এটাই প্রত্যাশা করে।”

অর্থাৎ লস অ্যাঞ্জেলেস বা সিয়াটলের ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

মেক্সিকোর ইতিবাচক সাড়া

ইরানের এই প্রস্তাবের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ইরান কেবল মেক্সিকোতে খেলার যে অনুরোধ জানিয়েছে, তার সরকার সেই সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে ফিফার অনুমতি ছাড়া মেক্সিকোর পক্ষে এককভাবে কিছু করা সম্ভব নয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত