জীবনের গল্প বলবেন ববিতা

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ এএম

এবারই প্রথমবার বিটিভির কোনো একক অনুষ্ঠানে নিজের জীবনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সদ্য একুশে পদকে ভূষিত হওয়া জীবন্ত এই কিংবদন্তিকে নিয়ে বিটিভির এই বিশেষ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ববিতা-অপরাজিতা’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন দর্শকপ্রিয় অভিনেতা, উপস্থাপক শফিউল আলম বাবু। গ্রন্থনা ও গবেষণা করেছেন মো. শাহরীয়ার জামান। অনুষ্ঠান প্রসঙ্গে শফিউল আলম জানান, ববিতাকে নিয়ে এবারই প্রথম বিটিভিতে তার প্রথম কোনো একক কথোপকথন আয়োজন প্রচার হতে যাচ্ছে। আর সেই আয়োজনের উপস্থাপনা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গত সোমবার বিকেলে ঢাকার রামপুরায় বিটিভির নিজস্ব স্টুডিওতে ‘ববিতা-অপরাজিতা’র রেকর্ডিংয়ের কাজ শেষ হয়।

ববিতা বলেন, ‘এর আগে বিটিভি থেকে বহুবার আমাকে ডাকা হয়েছিল। আসলে সেই সময়টাতে সিনেমাতে কাজ করা নিয়ে এত ব্যস্ত থাকতাম যে আলাদাভাবে সময় বের করে বিটিভিতে যাওয়ার সময় করা হয়েই উঠত না। বিটিভির ছায়াছন্দ অনুষ্ঠানটি আমার খুব প্রিয় ছিল। কারণ যখনই আমার নতুন কোনো সিনেমা মুক্তি পেত, বিটিভিতে সেই সিনেমার গান প্রচার করা হতো। এবার একুশে পদকে ভূষিত হওয়ার পর শফিউল আলম বাবু আমার সঙ্গে যোগাযোগ করার পর মনে হলো, এবার বিটিভির আয়োজনে অংশগ্রহণ করা যায়। সবকিছু মিলিয়ে বিটিভির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ ভালো লেগেছে আমার। অনুষ্ঠানের নামটাও বেশ সুন্দর। ধন্যবাদ বিটিভি কর্র্তৃপক্ষ ও শফিউল আলম বাবুকে। বিটিভি জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠানটি প্রচার হবে।’

 একগুচ্ছ কালজয়ী সিনেমার নায়িকা ববিতার একসময় তুমুল ব্যস্ত সময় কাটলেও এখন অনেকটাই কাজহীন। ১১ বছর আগে ২০১৫ সালে নারগিস আক্তারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয়ের পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি বেশির ভাগ সময় কাটান কানাডায় একমাত্র ছেলের সঙ্গে । তবে যে চলচ্চিত্র তাকে ববিতা বানিয়েছে, সেই চলচ্চিত্রকে নিয়ে মাঝে-মধ্যেই চিন্তায় মগ্ন থাকেন তিনি। মন চলে যায় সেই সোনালি দিনে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমার সফল এই প্রযোজক চিত্রপুরীর আগের সেই পরিবেশ কিংবা জৌলুস দেখতে পান না। সেই হারানো দিন ফিরে সহসা আবার ফিরে আসবে এমন প্রত্যাশাও নেই তার।

তবে অভিনয়ের প্রতি তার এখনো ক্ষুধা কাজ করে বলে জানান তিনি। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অবদান রাখা এই অভিনেত্রী একটি ভালো গল্পের জন্য অপেক্ষা করছেন। সেই সঙ্গে একটিবার হলেও একটি সিনেমা পরিচালনা করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ববিতা জানান, সিনেমায় অভিনয়ের প্রবল আগ্রহ আছে তার; কিন্তু যে গল্প তাকে ভীষণভাবে মুগ্ধ করবে সে ধরনের গল্প নিয়ে এখনো তার কাছে কেউই যেতে পারেননি। যে কারণে আজও তার নতুন কোনো সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত