‘তারায় তারায়’ পূর্ণিমা
ঈদে সাতদিন ব্যাপী নাগরিক টিভিতে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় নাগরিক টিভির পর্দায় এই অনুষ্ঠান প্রচার হবে। ঈদের দ্বিতীয় দিনে অনুষ্ঠানে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গত সোমবার বিকেলে নাগরিক টিভির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন। পূর্ণিমা বলেন, ‘তারায় তারায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগল। নিজের চলচ্চিত্র জীবন নিয়েই বেশি গল্প করা হয়েছে। আশা করছি বিশেষ এই আয়োজন দর্শকের ভালো লাগবে।’
চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘যথারীতি প্রতিবছরের ঈদের মতো এবারও বেশ বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে নাগরিক টিভির ঈদ বিশেষ অনুষ্ঠান। তারায় তারায় এই বর্ণাঢ্য আয়োজনেই একটি অংশ। এই আয়োজনে তারাকারা তাদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানান বিষয় নিয়ে কথা বলেছেন। প্রত্যেকেই বেশ স্বপ্রণোদিত হয়েই নাগরিক টিভির এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক শিল্পীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
রোজিনার ‘প্রবাস নামের জেলখানা’
চাঁদ রাতে প্রকাশ পাচ্ছে সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রোজিনা আক্তারের নতুন মৌলিক গান ‘প্রবাস নামের জেলখানা’। গানটি লিখেছেন তকবির হোসাইন, সুর ও সংগীত পরিচালনা করেছেন আল আমিন খান। এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিষয়ভিত্তিক গান করে আসছি। সমসাময়িক বিষয়্ও উঠে আসে আমার গানে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসীদের জীবন ছবি তুলে ধরার চেষ্টা করেছি গানের মাধ্যমে। গানের কথায় ফুটে উঠেছে প্রবাসীদের মনের কষ্ট। মনের মাধুরী দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, শ্রোতারা একটি গান পেতে যাচ্ছেন।’
গীতিকার তকবির হোসাইন বলেন, ‘প্রবাসীদের প্রতি আমি আগে থেকেই অনেক দুর্বল, তাদের মনের কষ্ট আমি আমার গানের কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আশা করছি আমার শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছে।’ গানটির সুরকার ও সংগীত পরিচালক আল আমিন খান বলেন, ‘বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় একজন শিল্পী রোজিনা আক্তার মনের মাধুরী দিয়ে গানটি গেয়েছেন, আমি আমার মন থেকে কম্পোজিশন করেছি, আশা করছি, বাস্তবধর্মী গানটি সবশ্রেণির শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
এরই মধ্যে ‘প্রবাস নামের জেলখানা’ গানের মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে অনেক সুন্দর লোকেশনে। এস আই শফিক, ও হাবিবুর রহমানের পরিচালনায় এতে মডেলিং করেছেন আনান খান ও মিষ্টি বিশ্বাস।