সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ এএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষিত ২৪ঘন্টার মধ্যেই ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। এছাড়া ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গত সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মঙ্গলবারের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন। 

বিজ্ঞপ্তিতে মাহমুদুল হাসান জানান, গত কয়েকদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে সোমবার খুব অসুস্থ একটি শিশুর মৃত্যুর খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে। তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই প্রেক্ষিতে মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও একজন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউ বেড ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে। একইসঙ্গে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে, সেই বিবেচনায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত