ইরানের মিসাইল এবার ইসরায়েলের বুক চিরে সরাসরি আঘাত হেনেছে। বুধবার (১৮মার্চ) বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে দুই দফায় এই ভয়াবহ হামলা চালায় ইরান। টাইমস অব ইসরায়েল জানায় ইরানের ছোঁড়া মিসাইলের আঘাতে তেলআবিবের গুরুত্বপূর্ণ সাভিদোর রেলস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইরান অত্যাধুনিক ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে বলে জানা গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, একেকটি ক্লাস্টার মিসাইলে প্রায় ২০টি আলাদা ছোট বোমা থাকে, যার প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে একটি মিসাইল আঘাত হানার পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়। রেলস্টেশন ছাড়া আর কোন কোন জায়গায় মিসাইল আছড়ে পড়েছে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।
এদিকে টাইমস অব ইসরায়েলের আরেক খবরে বলা হয় ইরানের রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের উপশহর রামাত গানে দুইজন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই দুই ব্যক্তি পরে মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই দুই ব্যক্তি সত্তরের কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন।
এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি ব্রাক (২৫) নামে এক যুবক শ্র্যাপনেলের আঘাতে আহত হন। এমডিএ জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
