তেজগাঁওয়ে শিশু পরিবারের সঙ্গে বিজেইউসি'র আলোচনাসভা ও ইফতার

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার তেজগাঁওয়ে সমাজ কল্যাণ অধিদপ্তরের প্রতিষ্ঠান সরকারি পরিবার নিবাস (বালিকা) প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা নারীর অধিকার, নিরাপত্তা ও কিশোরীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ। আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ সবসময় নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের কিশোরীরা যেন ভয় নয়, সাহস নিয়ে বড় হয়—এই লক্ষ্যেই আমরা কাজ করছি। তাদের নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব বিজেইইউসির কার্যকরী সভাপতি রাজু আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডা. আফরোজা পারভীন। এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের মহাসচিব মোক্তার হোসেন।

সমাজ কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি সমাজ তখনই উন্নত হয়, যখন সেই সমাজে নারী নিরাপদ ও সম্মানিত থাকে। আমাদের কিশোরীদের এমন পরিবেশ দিতে হবে, যেখানে তারা নির্ভয়ে স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়।

সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের এক্সিকিউটিভ চেয়ারপারসন রাজু আলীম বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজের স্বপ্নকে বড় করে দেখো। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে। সমাজ তোমাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন নারীর অধিকার ও উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, নারীর অধিকার মানেই মানবাধিকার। আমাদের কিশোরীদের শুধু সুরক্ষা দিলেই হবে না, তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সহায়তার মাধ্যমে তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং নিজেদের পরিচয়ে শক্ত অবস্থান তৈরি করতে পারে। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের মহাসচিব মোক্তার হোসেন বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সম্মান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী বক্তারা একমত পোষণ করেন, নারীর নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত না হলে টেকসই সমাজ গঠন সম্ভব নয়। বিশেষ করে কিশোরীদের জন্য নিরাপদ, সহায়ক ও প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর ও মানবাধিকার খবর'র সম্পাদক এমডি রিয়াজ উদ্দিন প্রমুখ, ফোরাম ফর অ্যান্ড কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক।

আলোচনাসভা শেষে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত