নকল টাকা উদ্ধারের আড়ালে বিপুল পরিমাণ আসল টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপি সদর দপ্তর থেকে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়।
উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন ডিবি তেজগাঁও বিভাগের এসআই (নিরস্ত্র) মিশন বিশ্বাস, এসআই (নিরস্ত্র) এএসএম সাইদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সুম্ময় শর্মা, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. পারভেজ এবং কনস্টেবল মো. সালমান রহমান। সাময়িক বরখাস্ত থাকাকালে সংশ্লিষ্ট সদস্যরা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে তাদের রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত হয়ে নিয়মিত রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পিআইএমএসে তাদের তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি একটি ‘নকল টাকা উদ্ধারের নাটক, পৌনে ৪ কোটি আসল টাকা খেয়ে ফেলল ডিবি পুলিশ!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ধারাবাহিকতায় প্রাথমিক তদন্ত শেষে এই সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। তাছাড়া এই ঘটনার পর ভুক্তভোগী ফখরুদ্দীন আহম্মেদ আদালতে তারেক সেকান্দারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
