জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও সংযত ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি দেন।
পোস্টে তিনি জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাক্সক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে তার আন্তরিক আলোচনা হয়েছে। এসব আলোচনা থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছি।
তিনি বলেন, এসব পরামর্শ বিনয়ের সঙ্গে গ্রহণ করব এবং ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। পাশাপাশি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, কোনো বক্তব্য বা কাজে কেউ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।
এ ছাড়া তিনি বলেন, গতকাল ধানম-ির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।