ইরানের হামলা

মারা গেলেন সৌদিতে আহত মামুনও

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। গতকাল বুধবার মামুনের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ৮ মার্চ আহত হয়ে সৌদি আরবেই চিকিৎসাধীন ছিলেন।

মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। গতকাল শহীদ সওদাগর ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা মামুন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়। এরপর থেকে মামুন স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত মঙ্গলবার সৌদি আরবের সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, মামুনের একটি ছেলেসন্তান আছে।

৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন।

মামুন মিয়াসহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশির নাম আহমেদ আলী, যিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত