জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত হওয়ার কথা রয়েছে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মিরপুরের ৬০ ফিট সড়কসংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এতে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানা গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ঈদের নামাজ আদায় করবেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনায় নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে বরিশালের চরমোনাই মাদ্রাসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এবং জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।