পুলিশ সদরদপ্তরের প্রেসনোট

আইজিপির বাড়িতে চুরির ঘটনা ভিত্তিহীন

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ এএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। প্রকৃতপক্ষে, ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা বাইরের সার্ভিস লাইনের তার সরিয়ে ফেলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এতে বলা হয়, গত মঙ্গলবার ‘আইজিপির বাগেরহাট বাসভবনে চুরি’ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ বাহিনীর নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

গত সোমবার রাতে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের দেওয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তার সরিয়ে ফেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম, আব্দুর কাদের ও চঞ্চল শেখ। আইজিপির নিকটাত্মীয় মিজান ফকির গণমাধ্যমকে জানান, ঝড়ের সময় দেওয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার পরে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে। এ বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী জানান, আইজিপির বাসভবনে চুরিসংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত