বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। আমাদের ভোটে জিতে ক্ষমতায় যেতে হবে, আমরা এই সিস্টেম চালু করতে চাই। মূল কথা জনগণের কাছে দায়বদ্ধতা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই বড় রকমের একটা ঝামেলা হয়। এবার যেমন ইরান যুদ্ধ। তবে সরকার এই বিষয়ে সচেতন। সরকার যোগ্যতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করছে। সরকারের বড় সাফল্য যুদ্ধের মধ্যেও দেশে তেলের দাম বাড়েনি। তেল নিয়ে বড় রকমের কোনো ঝামেলাও তৈরি হয়নি।’
এ সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘প্রতিবারের মতো এবার গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। কারণ আমরা আগাম ব্যবস্থা নিয়েছিলাম।’ বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই ঘটনাটা খুব দুঃখজনক। আশা করি দ্রুত উদ্ধার কাজ শেষ হয়ে লাইন চালু হবে।’
