ঈদে বাড়ি যাচ্ছেন না ববির অনেক শিক্ষার্থী

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই উৎসব। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করার দিন। তাই কাজের জন্য বাড়ি থেকে শত মাইল দূরে থাকলেও ঈদের সময়ে নাড়ির টানে বাড়ি ফেরেন তারা। তবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী বাড়ি যাচ্ছেন না এ ঈদে। চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া এই শিক্ষার্থীদের কাছে ঈদের ছুটি মানে নিজেদের সেরা হিসেবে প্রস্তুত করতে পড়ার টেবিলে একটু বেশি সময় দেওয়ার সুযোগ, নীরব ক্যাম্পাসে বইয়ের পাতায় ডুবে থাকা।

চাকরিপ্রত্যাশী ববি শেরে-বাংলা হলের মাস্টার্স জোনের শিক্ষার্থী সৌরভ বলেন, ‘ঈদের পর নিবন্ধ ও চাকরি পরীক্ষা থাকায় এবারের ঈদে বাড়ি যাচ্ছি না। আমার পড়াশোনা এখন প্রায় শেষের দিকে। এবারে ঈদে হলেই থাকা হবে। পরিবার ছেড়ে বাইরে ঈদ করতে কিছুটা খারাপ লাগলেও তা মানিয়ে নিতে হচ্ছে। অন্যদিকে বাড়িতে গেলে পড়াশোনা থেকে একটু দূরত্ব তৈরি হয়। পড়াশোনা থেকে দূরত্ব যাতে না হয় সেজন্যই ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না।’

আরেক চাকরিপ্রত্যাশী শেরে-বাংলা হলের শিক্ষার্থী সোহরাব উদ্দীন বলেন, “সবাই যখন ঈদে পরিবারের কাছে যাচ্ছে, আমি এবার হলে থাকার সিদ্ধান্ত নিয়েছি। কারণটা শুধু একা থাকা না, এটা আমার লড়াইয়ের অংশ। আমি যে বিষয়ে অনার্স শেষ করছি, সেটার সঙ্গে চাকরির বাজারের সরাসরি মিল নেই। তাই আমাকে একটু বেশি সময়, বেশি পরিশ্রম দিতে হচ্ছে নিজের জায়গা তৈরি করতে। গ্রামের মানুষ ছোটবেলা থেকে দেখে আসছে আমি শুধু পড়াশোনা করি, কিন্তু এখনো ‘কিছু করি না’। তাই আমি প্রস্তুতি নিচ্ছি। ঈদের পরেই কয়েকটা নিয়োগ পরীক্ষা আছে। তাই এই সময়টা আমি নিজের জন্য বিনিয়োগ করছি। হয়তো আজ পরিবারের সঙ্গে ঈদের আনন্দটা মিস করছি, কিন্তু আমি জানি এই ত্যাগটাই একদিন আমাকে ‘বেকার’ শব্দটা মুছে ফেলতে সাহায্য করবে। আর সেই দিনটাই হবে আমার এবং আমার পরিবারের জন্য সবচেয়ে বড় ঈদ।”

শুধু চাকরিপ্রত্যাশী নয়, এই ঈদে বাড়ি ফেরা হবে না বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষার্থীর। ঈদের পর ফাইনাল পরীক্ষা থাকায় বাড়ি যাওয়া হচ্ছে না শিক্ষার্থী হাবিবের। তিনি বলেন, ‘ঈদের পর আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আমার আগের সেমিস্টারগুলোর রেজাল্ট খুব ভালো হয়নি। তাই এই সেমিস্টারের প্রস্তুতি যাতে ভালোভাবে নেওয়া যায়, সেজন্য বরিশালে থাকা। আর আপনি বোঝেনই পরীক্ষা শুরু হওয়ার আগের ছুটির সময়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই এ সময়টাকে কাজে লাগানোর জন্য এই ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না।’

পবিত্র রমজান, শবে-কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত