সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন, ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক নারী, শরীয়তপুরে মাটিবাহী ট্রলির ধাক্কায় নিহত হয়েছে এক শিশু এবং কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে আরেক শিশু। দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
রাজশাহীতে বাবা-ছেলে নিহত : গতকাল দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়েছে। নিহতরা হলো কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৬)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামে। পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক খান জানান, রাজশাহীর দিক থেকে নাটোরের দিকে যাচ্ছিল ডাম্প ট্রাক। আর বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহেশপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম ছেলে লাভলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শরীয়তপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর: শরীয়তপুরের ডামুড্যায় ট্রলির ধাক্কায় রমজান নামের
তৃতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার কনেশ্বর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সে নিউনেস ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ডামুড্যার আখন বাড়ির জামে মসজিদের সামনে দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলি রমজানকে ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ১ : কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের মধ্যে সিএনজি অটোচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত নাহিদ হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবরপাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে। গতকাল দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসটি জব্দ করে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা মারশা পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই লোহাগাড়া এলাকার বাঁশি মোহন দাশ নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া রওশন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।