ঈদে কোন সিনেমা দেখবেন

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ এএম

আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল ঈদ। আর ঈদের আনন্দকে একধাপ বাড়িয়ে দেয় বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। যদিও এক যুগ ধরে কেবলমাত্র ঈদই হয়ে উঠছে সিনেমা ব্যবসায়ীদের একমাত্র মৌসুম। নানা কারণে দেশের চলচ্চিত্রশিল্প এখন ঈদকেন্দ্রিক। একটু লাভের মুখ দেখতে লগ্নিকারকরা নিজেদের সিনেমা মুক্তির জন্য বেছে নেন বছরের দুটি ঈদকে। প্রতিবারের মতো এবারও শুরুতে এক ডজনের বেশি সিনেমার নাম শোনা গেলেও বিভিন্ন প্রতিকূলতায় শেষমেশ সেই সংখ্যা নেমে আসে অর্ধেক কিংবা তারও কমে। সিনেমাপাড়ায় খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতিমধ্যে সবুজ সংকেত পাওয়া এই সিনেমাগুলো ঘিরে বইছে ব্যাপক উন্মাদনা। তবে অন্যান্যবারের চেয়ে এবার সিনেমা প্রচারণায় ছিল বেশ ঘাটতি।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’। কিন্তু এবার ঈদের বেশির ভাগ সিনেমাই পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ নেই। কারণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ’ গ্রেডে অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে মুক্তি চূড়ান্ত হওয়া তিন সিনেমা। সিনেমাগুলো হলো ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। তবে ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘দম’ সিনেমা দুটি ‘ইউ’ অর্থাৎ সব বয়সী দর্শকের জন্য ছাড়পত্র দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। ঈদের সিনেমাগুলো নিয়ে প্রত্যাশা প্রযোজক-পরিচালকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। পাশাপাশি সিনেমাপ্রেমীদের মধ্যেও চলছে বেশ উন্মাদনা। অনেকেই সিদ্ধান্ত স্থির করেছেন আবার অনেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না কোন কোন সিনেমা দেখবেন এবারের ঈদে! আসুন দেখে নেওয়া যাক, এসব সিনেমার কিছু খুঁটিনাটি বিষয়।

প্রিন্স

ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা : স্পষ্ট ধারণা, প্রতিবারের মতো এবারও ঈদে দর্শক মাতাবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহের দিক থেকেও অন্য চার সিনেমা থেকে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে এই তারকার ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। শুধুমাত্র শাকিবের কারণে বছর জুড়ে বন্ধ থাকা প্রেক্ষাগৃহগুলো খুলে দেওয়া হচ্ছে এবারও। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার ইব্রাহিমের ভূমিকায়। ইব্রাহিমকে অন্ধকার দুনিয়ায় নিয়ে আসে লোকনাথ দে অভিনীত চরিত্রটি। তার মৃত্যুর পর তার স্ত্রী লেডি ডন হিসেবে আবির্ভূত হয়। আর ইব্রাহিম হয় তার প্রধান সেনাপতি। ধীরে ধীরে ইব্রাহিম পৌঁছে যায় ক্ষমতার শীর্ষবিন্দুতে। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কু-ু। সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড।

প্রেশার কুকার

রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমাটিতে চার নারীর মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে তৈরি। রহস্য আর থ্রিলারে ঘেরা এই সিনেমায় চার নারীর চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত ও ফজলুর রহমান বাবুসহ অনেকে। গল্পে রয়েছে ঢাকা শহরের ভিন্ন পেশার চারজন নারীর অদৃশ্য লড়াই; তাদের না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্বের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। শহরটি যেন তাদের কাছে একধরনের প্রেশার কুকার, যেখানে তারা প্রতিনিয়ত নানামুখী চাপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে।

দম

সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। বন্দিদশা ও বেঁচে থাকার এক কঠিন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি,  চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি নিয়ে বেশ প্রচারণা চালাচ্ছে দম টিম। সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমার গল্পে দেখা যাবে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে যায় নিশো অভিনীত চরিত্রটি। সেখানে অপহরণের শিকার হয় সে। অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। শেষ মুহূর্তে আশার আলো হয়ে আসে চঞ্চল অভিনীত চরিত্রটি। সেও বন্দি ছিল সন্ত্রাসীদের কাছে। দুজন মিলে মুক্তির উপায় খোঁজে। সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘দম নিয়ে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই। কাজটি ভালো করতে গল্প নিয়ে অসংখ্যবার টিমের সঙ্গে বসেছি। মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না, এ সিনেমার জন্য যতটা করেছি। প্রতিটি মানুষ সিনেমাটির জন্য পরিশ্রম করেছে। দর্শক এটি দেখে ঠকবে না। এমন গল্প ও চরিত্র এর আগে করিনি। আমার ইচ্ছে আছে, ইন্ডাস্ট্রিকে গল্পনির্ভর কাজ দেওয়ার। সে চেষ্টা করছি। নাটকে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু সে জায়গা থেকে বেরিয়ে সিনেমা করতে এসেছি। আবারও বলতে চাই, দম কাউকে নিরাশ করবে না।’

রাক্ষস

রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত ও মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায়, বাপ্পারাজ, আলীরাজ, নাজনীন হাসান চুমকী প্রমুখ। রাক্ষস মূলত পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। গল্পের কেন্দ্রে রয়েছে সিয়াম অভিনীত চরিত্র, যে একই সঙ্গে মানবিক, ভয়াবহ এবং সহিংস। আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে সুস্মিতার প্রেমে পড়ে সে। তবে একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে নায়ক।

বনলতা এক্সপ্রেস

 নামটি শুনলেই মনে হয় এটা কোনো যানবাহনের নাম। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেনের একদল যাত্রীকে ঘিরে সিনেমার গল্প। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান সবাই এই ট্রেনের যাত্রী। সবার গন্তব্য এক হলেও এই ট্রেনযাত্রা তাদের প্রত্যেকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তামিম নূরের পরিচালনায় এর প্রধান কয়েকজন অভিনয়শিল্পীরা হচ্ছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন প্রমুখ। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি প্রযোজনা করছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস।

এবারের ঈদে গ্রেডিং সিস্টেম ও বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, সোমবার ছিল সেন্সর সার্টিফিকেশন সনদ দেওয়ার শেষ দিন। বোর্ডের সবার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি সিনেমা সনদ পেয়েছে। একসঙ্গে ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। আমার মনে হয় সিনেমাগুলো দর্শকদের ঈদ উৎসব রাঙাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত